সংসদ স্থগিত করে ব্রেক্সিটের পরিকল্পনা বরিসের

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৩:০৭ পিএম

ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার শেষ সময়সীমার কয়েক সপ্তাহ আগে রানিকে দিয়ে সংসদ স্থগিতের পরিকল্পনা করছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন।

সেপ্টেম্বরে এমপিরা সংসদে ফেরার কয়েক দিনের মাথায় বরিস এটি করতে চান বলে জানিয়েছে বিবিসি।

রানি এই প্রস্তাবে রাজি হলে ৯ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ব্রিটেনের সংসদ স্থগিত থাকবে। ৩১ অক্টোবর চুক্তি অথবা চুক্তি ছাড়া ইউনিয়ন ছাড়তে চান বরিস।

এই পরিকল্পনার অর্থ হচ্ছে ব্রেক্সিট ভেস্তে দিতে এমপিদের কোনো ধরনের আইন পাস করতে দেবেন না বরিস।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকেরা বলছেন, সংসদ বন্ধ করে দেওয়ার অর্থ হল এমপিদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া।

‘ব্রিটেন এক্সিট’কে সংক্ষেপে বলা হয় ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া এটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সঙ্গে ব্যবসা করতে পারে, নাগরিকেরা এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে এবং সেখানে বসবাস করতে পারে।

প্রায় ৪০ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পর ২০১৬ সালের জুনে একটি গণভোট আয়োজন করে যুক্তরাজ্য। অধিকাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন।

এই ভোটের পর সেখানকার রাজনীতি রীতিমতো এলোমেলো হয়ে গেছে। ক্ষমতা হারাতে হয়েছে থেরেসা মেকে। নতুন প্রধানমন্ত্রী বরিসও থেরেসার মতো ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে অনড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত