সালমান খানের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন আলিয়া ভাট। এখন শোনা যাচ্ছে, সেই ছবিতে ভাইজান থাকছেন না। অথচ এই নায়কের জন্য ফিরিয়েছিলেন আমির খানকে।
শোনা যাচ্ছে, ‘ইনশাল্লাহ’র প্রথম অংশের চিত্রনাট্য সালমানের পছন্দে হলেও, দ্বিতীয় ভাগ পরিচালক সঞ্জয়লীলা বানসালিকে পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন। ঈদের কথা মাথায় রেখেই ছবিটি বানাতে বলেছিলেন তিনি।
কিন্তু নিজের চিন্তা ও চিত্রনাট্যের সঙ্গে আপস করতে একেবারেই রাজি হননি সঞ্জয়। শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় ছবি ছেড়ে বেরিয়ে যান সালমান।
এই সবের মধ্যে খানিকটা ক্ষতিই হয়ে গেল আলিয়া ভাটের। ‘ইনশাল্লাহ’র পাশাপাশি তার কাছে আমির খানের সঙ্গে একটি ছবির প্রস্তাব আসে।
সঞ্জয় ও সালমানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করতে চাননি আলিয়া। তাই ফিরিয়ে দিয়েছিলেন আমিরের সঙ্গে অভিনয়ের সুযোগ। শুধু তাই নয়, ‘ইনশাল্লাহ’র শুটিংয়ে কোনো সমস্যা যাতে না হয়, তা নিশ্চিত করতে ওই সময় কোনো কাজও নেননি আলিয়া।
সব মিলিয়ে সালমান বা আমির আপাতত কারো সঙ্গেই তাকে দেখা যাওয়ার বিশেষ সম্ভাবনা নেই।
ক্যারিয়ারের শুরুতেই শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতে কাজ করেছেন আলিয়া ভাট। ‘ডিয়ার জিন্দেগি’ ছবিটি দর্শক-সমালোচকের প্রশংসা পেয়েছিল। গুঞ্জন উঠেছে, সালমানের ছেড়ে দেওয়া চরিত্রটি করছেন শাহরুখ।
এ দিকে আলিয়ার হাতে আছে ব্রহ্মাস্ত্র, সড়ক টু, তখত এবং এসএসএস। এর মধ্যে দ্বিতীয় ছবিটি পরিচালনা করছেন নায়িকার বাবা মহেশ ভাট।
