শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বঙ্গবন্ধু নিজের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেননি, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পিতার পথ অনুসরণ করে দেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করছেন।
তিনি বুধবার সন্ধ্যায় নরসিংদী জেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের শোক সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অঙ্গীকার অর্থনৈতিক মুক্তি। আর সেটা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মানুষের কষ্ট গুলো বুঝতে পারে। তাই তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদরের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল অব. নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে শোকসভায় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন, নরসিংদী ২ পলাশের আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ, শিবপুর ৩ আসনের সংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঁইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জমান কামরুল, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক প্রমুখ।
