পাটকলকর্মী জাহালমের বিনাদোষে কারাভোগের ঘটনায় দায়ী যে ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), তাদের তালিকা গতকাল হাইকোর্টে দাখিল করা হয়েছে।
ওই ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার কথা দুদকের আইনজীবী গত ২১ আগস্ট আদালতকে জানালেও তাদের নামের তালিকা না দেওয়ায় ওই প্রতিবেদনকে ‘অস্পষ্ট’ চিহ্নিত করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। সেদিন দায়ীদের নাম-পদবি, অভিযোগসহ বিস্তারিত তথ্য তুলে ধরে নতুন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় দুদকের আইনজীবীকে।
সে অনুযায়ী বুধবার আদালতে ৪০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে দুদক, সেখানে সেই ১১ কর্মকর্তার নাম-পদবি তুলে ধরা হয়। পরে আদালত আগামী ২৪ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের দিন ধার্য রাখে।
আদালতে দুদকের প্রতিবেদন উপস্থাপন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মো. জাকির হোসেন।
যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদক বিভাগীয় মামলা করেছে তারা হলেনÑ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ-আল-জাহিদ, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ মেজবাহ উদ্দিন, উপপরিচালক মো. মাসুদুর রহমান, বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক (সাবেক সহকারী পরিচালক) দেবব্রত মন্ডল, উপপরিচালক সেলিনা আক্তার মনি, ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমিত্রা সেন, সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস, সহকারী পরিচালক মেফতাহুল জান্নাত, সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (সাবেক উপসহকারী পরিচালক) রাফী মো. নাজমুস সাদাত।
