মাদকের ৫ পরিদর্শকের সম্পদ বিবরণী চেয়ে নোটিস

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০২:০২ এএম

অবৈধ সম্পদের ‘তথ্য পাওয়ায়’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পাঁচ পরিদর্শক ও প্রত্যেকের স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক নোটিসে তাদের আগামী ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

যেসব কর্মকর্তার নামে নোটিস পাঠানো হয়েছে তারা হলেনÑ অধিদপ্তরের ঢাকার খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. সুমনুর রহমান ও তার স্ত্রী পেট্রোবাংলার উপব্যবস্থাপক তাছলিমা আক্তার, রমনা সার্কেলের পরিদর্শক মো. শামসুল কবির ও তার স্ত্রী খাদিজা বেগম, সূত্রাপুর সার্কেলের পরিদর্শক মো. হেলালউদ্দিন ভূঁইয়া ও তার স্ত্রী মাহমুদা সিকদার, তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. কামরুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা এবং সিলেটের পরিদর্শক মো. লায়েকুজ্জামান ও তার স্ত্রীর সাহিনা আক্তার মুন্সী। নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়। দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত