আফগানিস্তানে সেনা সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ঘোষণায় ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা ৮ হাজার ৬০০তে নামিয়ে আনা হবে। বর্তমানে সেখানে ১৪ হাজার সেনা অবস্থান করছেন।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা খুবই সতর্কতার সঙ্গে আমাদের সংখ্যা কমিয়ে আনছি। তবে সবসময়েই আমরা তাদের পাশে থাকব। যদি আফগানিস্তানের সঙ্গে কিছু করা হয়, তবে যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসব আমরা।’
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হত্যাযজ্ঞের মাধ্যমে তিনি ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটাতে পারতেন। কিন্তু তিনি সেটা করতে চাননি। তিনি বলেন, আমরা এখানে কোনো যুদ্ধ করতে আসিনি। আমরা পুলিশের দায়িত্ব পালন করছি। যুদ্ধ শেষ করতে চাইলে আমরা ১০ লাখ মানুষ হত্যা করতে পারতাম।
বিগত কয়েক সপ্তাহ ধরে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন সময় এই ঘোষণা সেখান থেকে অনেকটা দৃষ্টি সরিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভোটারদের ওপরও এর প্রভাব পড়বে।
