যুবলীগ নেতা খুন: আ’লীগ নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০৩:০৩ পিএম

দলীয় নেতা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী মোশারফ হোসেন মুর্শেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগ।

তার বিরুদ্ধে ওঠা মেহারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগ সভাপতি শওকত হোসেন জসিম হত্যাকাণ্ডে সম্পৃক্তের অভিযোগ তদন্তে এ কমিটি গঠন করে দিয়েছেন আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য কসবা উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুল হক।

মেহারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দুপুরে কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

শুক্রবার রাতে তদন্ত কমিটির অন্যতম সদস্য ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিএম হাক্কানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্ধিত সভায় ইউপি সদস্য জসিম হত্যা মামলার আসামি মুর্শেদের বিরুদ্ধে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের লিখিত অভিযোগের বিষয়টি আমি মন্ত্রী মহোদয়ের কাছে উপস্থাপন করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন মন্ত্রী। তদন্ত কমিটি আগামী বর্ধিত সভার আগে এ বিষয়ে প্রতিবেদন দেবে।’

এর আগে গত ২৭ আগস্ট মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জসীম মেম্বারের মেয়ে জিদনী আক্তার বাবা হত্যার মূল অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন মুর্শেদকে গ্রেপ্তারের পাশাপাশি আওয়ামী লীগ থেকে বহিষ্কারেরও দাবি জানান। জসীম মেম্বার খুনের মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মুর্শেদ ঘটনার ৫৬ দিনেও গ্রেপ্তার হয়নি।

গত ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে যমুনা বাজার থেকে শওকত হোসেন জসমী মেম্বারকে এলাকার কয়েকজন সন্ত্রাসী ডেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বেধড়ক পিটুনি দিয়ে গুরুতর জখম করে স্কুলের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে।

খবর পেয়ে শওকতের স্বজনরা সেখান থেকে রক্তাক্ত অবস্থায় শওকতকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে জসীম কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ভিডিও জবানবন্দিতে তাকে খুন করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন মোর্শেদ, তার ভাই জাকির হোসেনসহ কয়েকজনের নাম বলে যান।

এ ঘটনায় পরদিন শনিবার দিবাগত মধ্যরাতে শওকত মেম্বারের আপন ছোটভাই মো. আলাউদ্দিন বাদী হয়ে মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঢাকার ব্যবসায়ী মোশারফ হোসেন মোর্শেদ (৪৫) ও তার বড় ভাই জাকির হোসেন(৪৮) সহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত