নোরা ফাতেহি। বলিউডের এই সময়ের আলোচিত আইটেম গার্ল। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতে মুগ্ধ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নোরার এই সাফল্য সহজে আসেনি। বহু পরিশ্রমের পর বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়েছে। সম্প্রতি বললেন, “একদিন মাত্র ৫ হাজার টাকা পকেটে নিয়ে ভারতে এসেছিলাম।”
বলিউডে স্থান করে নেওয়া এমনিতেই সহজ নয়। টিকে থাকতে লাগে শক্ত মনোবল। তার ওপর নোরা কানাডার বাসিন্দা।
ভারতের কাজ খোঁজার দিনগুলো নিয়ে আবেগঘন মন্তব্য করেন তিনি। বলেন, “যে এজেন্সির সঙ্গে মুম্বাইতে কাজ করতাম, তারা সপ্তাহে মাত্র ৩ হাজার রুপি করে দিতো।” এই সীমিত টাকা দিয়ে মুম্বাইয়ের মতো ব্যয়বহুল শহরে দিনের পর দিন টিকে থাকার লড়াই করেছেন।
কিন্তু শত কষ্টের মাঝেও নিজের লক্ষ্য ভুলে যাননি। দিনের পর দিন নাচের তামিল নিয়েছেন, চালিয়ে গেছেন শরীরচর্চা। একের পর এক অডিশন দিয়েছেন। রিয়্যালিটি শো’তেও অংশ নিয়েছেন। অবশেষে মিউজিক ভিডিও’তে সুযোগ পান নোরা।
সেই ভিডিও থেকেই মেলে জনপ্রিয়তা। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় ড্যান্সারদের তালিকায় রয়েছে তার নাম। সাকি সাকি, দিলবার, কামারিয়ার মতো আইটেম গান দিয়ে বলিউডে নিজের স্থান পাকা করেছেন নোরা।
