সতেরো বছর পর স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৫ পিএম

বাগেরহাটে সতেরো বছর পর স্ত্রী হত্যার দায়ে স্বামী এবারত আলী শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার বিকেলে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত এবারত আলী শেখ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রয়াত হাশেম আলী শেখের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সিদ্দিকুর রহমান খান সাংবাদিকদের জানান, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের এবারত আলী বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য তার স্ত্রী সেলিমা বেগমকে প্রায়ই মারধর করতেন। সতেরো বছর আগে ২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে এবারত আলী তার স্ত্রীকে একই দাবিতে বেদম প্রহার করলে তার মৃত্যু হয়। ঘটনার পরদিন এবারত তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে শ্বশুর রুস্তম আলীকে জানান।  

এই ঘটনায় নিহতের বাবা রুস্তম আলী ওই দিনই বাগেরহাট মডেল থানায় জামাতা এবারত আলী শেখের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার বিশ্বাস তদন্ত শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল এবারত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত