‘পার্টটাইমার’ আল-আমিনের স্পিনেই কাঁপল আফগানরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০১ পিএম

আফগানিস্তানকে তাহলে স্পিন বান্ধব উইকেটেই ঘায়েল করার পরিকল্পনা করতে পারে বাংলাদেশ! সফরকারী দলটির বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচে আল-আমিনের বোলিং অন্তত স্পিনিং উইকেটের পক্ষেই ভোট দেবে। রবিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে পার্টটাইম এই বোলার ৪ উইকেট তুলে নিলেন। দুই ওপেনারে ভালো শুরুর পরও দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানের বেশি তুলতে পারল না আফগানরা।

ঘরের মাঠে বরাবরই স্পিন সহায়ক উইকেটই তৈরি করে থাকে বাংলাদেশ। তবে এবার সেই রীতি ভেঙে সবুজ উইকেটের কথা বলেছিলেন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান। প্রতিপক্ষ দলেও যে রশিদ খান, মোহাম্মদ নবীর মতো স্পিনার।

তবে শোনা যাচ্ছে শেষ পর্যন্ত স্পিনিং উইকেটের পরিকল্পনাই করতে চাচ্ছে বাংলাদেশ। এদিন আল-আমিনের বোলিং স্পিনিং উইকেট তৈরিতেই উৎসাহিত করবে নিশ্চিত।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আফগানরা। দুই ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরান ব্যাটিং প্রস্তুতিটা সেরেছেন দারুণ। দুজনের কাউকেই আউট করতে পারেনি বিসিবি একাদশের বোলাররা।

ইহসানউল্লাহ ৬২ ও ইব্রাহিম জাদরান ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হন। সুযোগ করে দেন অন্যদের। তবে জাভেদ আহমদি, রহমত শাহ, আসগর আফগানদের ব্যাটিং প্রস্তুতিটা তেমন ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন আল-আমিন ও সুমন খান।

তবে মোহাম্মদ নবী ফেরার আগে ৩৩ রান করেছেন। ২৬ রান এসেছে হাসমতউল্লাহ শহিদির ব্যাট থেকে। আফসার জাজাই ২০ ও রশিদ খান ৬ রান নিয়ে দিন শেষ করেছেন।

তরুণ পেসার সুমন ২ উইকেট নেন। আল-আমিন ১৮ ওভার বল করে ৫১ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট মাত্র ১৫। সেখানে এদিন ৪ উইকেট তুলে নিয়ে অবাকই করেছেন তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে একবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত