লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের নবম শ্রেণির ৫ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রমাণ মিলেছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মাহাবুবুর রশিদ তালুকদার গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে গত শনিবার সন্ধ্যায় প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্ত কমিটির প্রধান ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান বলেন, ‘ছাত্রীদের যৌন নিপীড়নের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর আগে ভুক্তভোগী ওই ৫ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজনের সঙ্গে একাধিকবার কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
শিক্ষক লিটন চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে নবম-দশম (ভোকেশনাল) শ্রেণির শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের সামনের একটি কক্ষে প্রাইভেট পড়াতেন। এই সুযোগে প্রায়ই তিনি শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করতেন বলে অভিযোগ রয়েছে। যৌন নিপীড়নের ঘটনায় গত ১৯ আগস্ট অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিচার চেয়ে ৫ শিক্ষার্থী অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়। এর পরদিন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. মির্জা ফিরোজ হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন অধ্যক্ষ প্রকৌশলী মাহাবুবুর রশিদ তালুকদার।
