বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পিএস মাহসুদ ও পিএস টার্ন নামে দুটি স্টিমার বিকল হয়ে চাঁদপুর নৌবন্দরে অবস্থান করছে। এর মধ্যে পিএস মাহসুদ নামের স্টিমারটি গত শনিবার রাতে বিকল হয়ে পড়ে। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া পিএস টার্ন নামের স্টিমারটি ইঞ্জিনে সমস্যার কারণে ২৪ দিন ধরে বিকল হয়ে ঘাটে অবস্থান করছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় বরিশালের উদ্দেশে ৪ শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পিএস টার্ন স্টিমার রাত সাড়ে ১০টায় চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অবস্থিত স্টিমার ঘাটে যাত্রী নামায়। পরে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করলে রাত সাড়ে ১১টায় চাঁদপুর মোহনা অতিক্রমকালে এর পাখার পাতা বেঁকে যায়। এতে করে বিকল হয়ে পড়ে স্টিমারটি। রাত ১২টা থেকে ২টা পর্যন্ত স্থানীয় নৌকার মাঝিদের সহায়তায় যাত্রীদের তীরে পৌঁছানো হয়। পরে ডাকাতিয়া নদীতে অবস্থিত স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয় এটি। ওই স্টিমারের অনেক যাত্রী গত শনিবার মধ্যরাতে ও গতকাল রবিবার সড়ক ও নৌপথে তাদের গন্তব্যে রওনা দেন।
বিআইডব্লিউটিসি চাঁদপুর স্টিমার ঘাটের সহকারী ম্যানেজার মনির হোসেন বলেন, বাঁকা পাতা যেদিকে ঘোরার কথা, সেদিকে না ঘুরে উল্টো ঘোরার কারণে ইঞ্জিন চালানো সম্ভব হয়নি।
