‘এমিরেটস জুজু’ কাটল না টটেনহ্যামের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৯ এএম

২-০ গোলে লিড নিয়েও আর্সেনালের বিপক্ষে জিততে পারেনি টটেনহ্যাম। অ্যালেক্সান্ডার লাকাজেত ও পিয়ের এমেরিক অবামেয়াংয়ের নৈপুণ্যে ঘরের মাঠে ড্র নিয়ে মাঠে ছেড়েছে আর্সেনাল। রবিবার এমিরেটস স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

আর্সেনালের মাঠে টটেনহ্যামের রেকর্ড মোটেও সুখকর নয়। প্রিমিয়ার লিগে এমিরেটস স্টেডিয়ামে শেষ ২৬ ম্যাচে মাত্র ১টিতে জিতেছিল টটেনহ্যাম। ড্র ১০টি, হার ১৫।

এদিন নয় বছর পর জয় তুলে নেওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত পারেনি মরিসিও পচেত্তিনোর দল। আর্সেনালের মাঠে টটেনহ্যামের সর্বশেষ জয়টা ছিল ২০১০ সালে। সেবার ০-২ গোলে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছিল টটেনহ্যাম।

এদিন মাত্র ১০ মিনিটেই ক্রিস্টিয়ান এরিকসন এগিয়ে দেন টটেনহ্যামকে। প্রথম ড্যানিশ খেলোয়াড় হিসেবে গড়েন প্রিমিয়ার লিগে ৫০ গোলের রেকর্ড। ৪০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন হ্যারি কেন।

তবে বিরতির ঠিক আগে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ১-২ করেন লাকাজেত। আর ৭১ মিনিটে অবামেয়াংয়ের গোলে ম্যাচে সমতা আনে আর্সেনাল।

৪ ম্যাচে ২টি জয় এবং ১টি করে ড্র ও হারে ৭ পয়েন্ট আর্সেনালের। সমান ম্যাচে টটেনহ্যামের জয় মাত্র ১টি। বাকি ২টিতে ড্র, অন্যটিতে হার। মোট ৫ পয়েন্ট দলটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত