উচ্চশিক্ষা স্তরে ভর্তিতে সাধারণত বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আর এই দুই পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আগামী ৪ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও ৫ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষার তারিখ নির্ধারণ করায় বিপাকে পড়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
এ বছর দেশের ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। এর ঠিক এক দিন পর ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বুয়েটে প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা।
একাধিক অভিভাবক ও ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মেডিকেলে ভর্তির পরীক্ষা হয় দেশের বিভিন্ন জায়গায়। আর বুয়েটের পরীক্ষা হয় ঢাকায়। ফলে যারা ঢাকার বাইরের কেন্দ্রে মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষা দেবেন তারা বড় সমস্যায় পড়বেন। যাতায়াতসহ বিভিন্ন কারণে তাদের অনেকের বুয়েটে পরীক্ষা দেওয়াই কঠিন হবে।
তবে এ নিয়ে চিন্তিত নন বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক প্রাণ কানাই সাহা। তিনি দাবি করেন, তারা অনেক আগেই বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন। বিষয়টি মেডিকেল কর্র্তৃপক্ষের ভাবা উচিত ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, এখন তাদের কিছু করার নেই। অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক এ কে এম আহসান হাবীব বলেন, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে করা নির্ধারিত কমিটি মন্ত্রণালয়ে সভা করে মেডিকেলের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক করেছে। এখন আর কিছু করার নেই।
