মোজাফফর আহমদের স্মরণসভায় বক্তারা

অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় তিনি ছিলেন প্রখর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭ পিএম

রোহিঙ্গা ইস্যু নিয়ে অশুভ রাজনৈতিক শক্তি চক্রান্ত করছে মন্তব্য করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রয়াত ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গারা সংকট, রাজনৈতিক ইস্যু নয় মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কিন্তু এই রোহিঙ্গাদের কেন্দ্র করে অশুভ শক্তির চক্রান্ত শুরু হয়ে গেছে। রোহিঙ্গা নিয়ে যারা চক্রান্ত করছেন তারা তা বন্ধ করুন। ঐক্যের কারণে জঙ্গিবাদ দমন সম্ভব হয়েছে দাবি করে ১৪ দলের এই মুখপাত্র বলেন, আমরা সারা দুনিয়ার কাছে আবেদন জানাই মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যায়, সে জন্য চাপ সৃষ্টি করতে এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই প্রশ্নে কোনো রাজনীতি নয়, কোনো দলবাজি নয়।

মোজাফফর আহমদের স্মৃতিচারণা করে তিনি বলেন, অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় তিনি প্রখর ছিলেন। বঙ্গবন্ধু যেমন আপস করেননি, অধ্যাপক মোজাফফরও তেমনি চেতনার সঙ্গে আপস করেননি। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মোহাম্মদ নাসিম বলেন, মোজাফফর আহমদ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সব সময় রাজনৈতিক সহযোগিতা দিয়ে গেছেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, ন্যাপ ও কমিউনিস্ট পার্টি আগামী দিনে সংগঠিত হোক, ঐক্যবদ্ধ হোক এটা আমরা চাই। ন্যাপ-কমিউনিস্ট পার্টি বিরোধী দলের ভূমিকায় আসুক। আমরা চাই স্বাধীনতার পক্ষের শক্তি বিরোধী দলের ভূমিকা পালন করুক। এটা হলে বিএনপি-জামায়াতের জায়গায় স্বাধীনতার পক্ষের শক্তি শক্তিশালী বিরোধী দল হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মোজাফফর আহমদ সারা জীবন একটি আদর্শ ও বিশ্বাস নিয়ে রাজনীতি করেছেন। তিনি আপসকামিতাকে প্রশ্রয় দেননি। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিজয়কে ধরে রাখতে হলে আজ ঐক্যকে ধরে রাখা দরকার। আজও জঙ্গিরা এখানে-সেখানে হানা দিচ্ছে। আমরা যদি অধ্যাপক মোজাফফর আহমদকে বুঝি, তার আদর্শকে বুঝি তাহলে ঐক্যকে আরও সংহত করতে হবে। যাতে জঙ্গি ও তাদের সহযোগী জামায়াত, বিএনপি আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।

মোজাফফর আহমদ কখনো নীতির সঙ্গে আপস করেননি মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পাটির্র (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, ন্যাপ-কমিউনিস্ট পার্টি যদি বিরোধী দলে থাকত তাহলে মুক্তিয্দ্ধর পক্ষের একটি শক্তি শক্তিশালী বিরোধী দল হতো। বিএনপি-জামায়াত যে বিপদ সেটা আসত না। স্মরণ সভায় ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য্য, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এনামুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত