জামালপুরের সরিষাবাড়ীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মহাদান ইউনিয়নের ঝিঙারভিটা উচ্চগ্রামের খালের পাড় থেকে আবুল কালাম আজাদ (৫৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগেমের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, সোমবার রাত ৯টার দিকে আবুল কালাম আজাদকে অজ্ঞাত কিছু ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি রাতে আর বাড়ি ফিরে আসেননি। মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি খালের পাড়ে আবুল কালাম আজাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।
