দল-বদলের শেষ সময়ে ক্লাব বদল হলো মাউরো ইকার্দির। এক মৌসুমের জন্য ধারে ইন্টার মিলান থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
ইন্টারের সঙ্গে এখনো দুই বছর চুক্তি রয়েছে ইকার্দির। ২৬ বছর বয়সী এই ফুটবলারকে পিএসজিকে এক মৌসুমের জন্য ধার দিচ্ছে ইতালিয়ান ক্লাবটি। চুক্তি অনুযায়ী ইকার্দিকে পাকাপাকিভাবে রেখে দেওয়ারও সুযোগ পাবে পিএসজি। সেক্ষেত্রে প্যারিসের ক্লাবটিকে গুনতে হবে ৬ কোটি ৫০ লাখ ইউরো।
২০১৩ সালে সাম্পদোরিয়া থেকে ইন্টারে নাম লেখান ইকার্দি। এ পর্যন্ত ক্লাবটির হয়ে ২১৯টি ম্যাচ খেলে ১২৪টি গোল করেন আক্রমণভাগের এই খেলোয়াড়। নতুন মিশন নিয়ে ইকার্দি বলেন, “সব ধরনের প্রতিযোগিতায় যত দূর সম্ভব আমার নতুন দলটাকে এগিয়ে নিতে আমি আমার সবটুকু দেব।”
“পিএসজি আন্তর্জাতিক ফুটবলের পরাশক্তিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটি সেরা কিছু খেলোয়াড়কে দলে টেনেছে।”
দল-বদলের শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসকেও চুক্তিবদ্ধ করেছে পিএসজি। তারকা এই গোলরক্ষকের সঙ্গে চার বছরের জন্য চুক্তি করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
