বিশ্বকাপ জয়ের আশায় টি-টোয়েন্টিকে বিদায় মিতালির

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৩ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় নারী ক্রিকেটের অন্যতম বড় মুখ মিতালি রাজ। মঙ্গলবার সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটকে বিদায়ের কথা জানান দেশটির ওয়ানডে অধিনায়ক।

২০০৬ সালে মিতালির নেতৃত্বেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভারত। ৮৯ ম্যাচে ৩৭.৫২ গড়ে ২৩৬৪ রান করেছেন ডানহাতি ব্যাটার। সর্বোচ্চ অপরাজিত ৯৭, যে ইনিংসটি গেল বছর এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে খেলেছিলেন।

৩৬ বছর বয়সী মিতালি ৩২টি টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ২০১২, ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলেছে ভারত।

তবে ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বে ছিলেন না। সেবার সেমিফাইনালে মিতালিকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক। অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে তার সম্পর্ক নিয়েও অনেক সমালোচনায় হয়েছে।

নিজ দেশের হয়ে এই ফরম্যাটে ২ হাজার রান করার কৃতিত্ব শুধু মিতালির। সব মিলে মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের তালিকায় ষষ্ঠ স্থানে তার অবস্থান। তার আগে রয়েছেন- সুজি বেটস, স্টেফানি টেলর, শার্লট এডওয়ার্ডস, মেগ ল্যানিং ও ডিয়ান্ড্রা ডটিন।

এ বছর মার্চে গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন মিতালি। ৩২ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে মিতালি জানিয়েছেন, ওয়ানডেতে মন দিতেই এই সিদ্ধান্ত তার। বিশেষ করে আপাতত ২০২১ বিশ্বকাপে ফোকাস রাখতে চান তিনি। ২০১৭ ওয়ানডে বিশ্বকাপে মিতালির নেতৃত্বে ফাইনালে খেলে ভারত। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯ রানে হেরে রানার্সআপ হতে হয়।

মিতালি বলেন, ‘দেশের জন্য বিশ্বকাপ জয় করা আমার স্বপ্ন। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। আশা করি বিসিসিআই তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।’

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য তৈরি হচ্ছে ভারতের মেয়েরা। মিতালি দলের সবার জানিয়েছেন শুভকামনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত