দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা না করায় সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সিলেটের বিশেষ জজ আদালতের বিচারক আশফাকুর রহমান এই রায় প্রদান করেন।
দুদক সিলেটের উপ-পরিচালক নূর-ই-আলম জানান, সুব্রত চক্রবর্তী জুয়েলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছিল দুদক। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে তাকে নোটিশ দেওয়া হয়। কিন্তু একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি কাগজপত্র দেননি। এর প্রেক্ষিতে তথ্য দিতে অসহযোগিতার অভিযোগে সুব্রত চক্রবর্তী জুয়েলের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করে দুদক। মঙ্গলবার এই মামলার রায়ে তাকে সাজা প্রদান করা হয়েছে।
