ক্যারিবিয়ানদের দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে টিম ইন্ডিয়া। তবে কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। এর ফলও পেলেন হাতেনাতে। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিনি দু’নম্বরে নেমে গেলেন। শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এছাড়া দারুণ পারফরম্যান্সে জাসপ্রিত বুমরাহ উঠে এসেছেন বোলিং র্যাঙ্কিংয়ের তিনে। তার রেটিং পয়েন্ট ৮৩৫। ভারতীয় পেসার হিসেবে কপিল দেবের ৮৭৭ রেটিং পয়েন্টের পর বুমরাহ হলেন দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্টধারী। আর উইন্ডিজের জেসন হোল্ডার ৮১৪ রেটিং পয়েন্টে উঠে এসেছেন তালিকার চার নম্বরে।
হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্ট চোটের কারণে খেলতে পারেননি স্মিথ। তবে চতুর্থ টেস্টের দলে ফিরেছেন। মাঠে নামার আগেই সুখবর পেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। অন্যদিকে কিংস্টন টেস্টের প্রথম ইনিংসে ৭৬ করলেও দ্বিতীয় ইনিংসে শূন্য করায় এক পয়েন্ট কমে যায় কোহলির। তার পয়েন্ট ৯০৩, স্মিথের ৯০৪। তালিকায় তিন থেকে পাঁচে আছেন কেন উইলিয়ামসন, চেতেশ্বর পুজারা ও হেনরি নিকোলস। ২০১৫’র ডিসেম্বর থেকে টেস্টে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন স্মিথ। তাকে সরিয়ে ২০১৮ সালের আগস্টে শীর্ষস্থান দখল করেন কোহলি। স্মিথ তখন বল টেম্পারিং-কা-ে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন। তখন থেকে কোহলিই ছিলেন শীর্ষে।
