সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী শ্রমিক নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি বেনজির আহমেদ। গতকাল মঙ্গলবার মালয়েশিয়া ও সৌদি আরবের শ্রমবাজার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।
বেনজির আহমেদ বলেন, নির্যাতন নিয়ে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানালে সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আমরা চাইছি যে নিয়োগকর্তা নারী শ্রমিককে নিয়োগ দিয়েছেন, নির্যাতনের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলেন, ‘আমাদের দেশে শ্রমিক পাঠানো নিয়ে কোনো সিন্ডিকেট নেই। সিন্ডিকেট করতে হলে সরকারিভাবে হতে হয়, মন্ত্রণালয় থেকে এটা নিয়ে অনুমতি নেই। মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে মার্কেট সবার জন্য উন্মুক্ত। তবে মতবিনিময় সভা চলাকালে বায়রার একটি পক্ষের নেতারা আবারও মালয়েশিয়া ও সৌদি আরবে লোক পাঠানো নিয়ে সিন্ডিকেটের চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন। এ নিয়ে সাংবাদিকদের সামনেই কথা কাটাকাটি হয় দু’পক্ষের নেতাদের মধ্যে। বায়রার সহ-সভাপতি মনসুর আহমেদ কালাম সভাপতি ও মহাসচিবকে অভিযুক্ত করে বলেন, ১০টি এজেন্সির একচেটিয়া সিন্ডিকেট বাণিজ্যের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। আবারও সেই বাজার খোলার চেষ্টা চলছে। তাদের কারণে শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।
