লুইস এনরিকে যদি স্পেনের কোচ হিসেবে আবার ফিরতে চান তাহলে তাকে সুযোগ করে দিতে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন বর্তমান কোচ রবের্তো মোরেনো।
গত জুনে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান এনরিকে। এই সময়ে ক্যানসার আক্রান্ত মেয়ে জানাকে সময় দেন তিনি। গত সপ্তাহে এনরিকে জানান, তার নয় বছরের মেয়েটি আর বেঁচে নেই। হারের ক্যানসারের কাছে হার মেনেছে সে।
মাত্র ১১ মাস দায়িত্ব পালন করেই স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়ান এনরিকে। তার স্থলাভিষিক্ত হন তারই সহযোগী হিসেবে দায়িত্ব পালন করা মোরেনো। এনরিকে ফের স্পেন দলের দায়িত্বে আসলে খুশি হবেন বলে জানিয়েছেন ৪১ বছর বয়সী এই কোচ।
“লুইস যদি কোনো দিন ফিরতে চান তাহলে আমি খুশি হয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াবো এবং তার সঙ্গে কাজ করব। লুইসকে আমি বন্ধু হিসেবে দেখি। বন্ধুত্বই সবকিছুর ঊর্ধ্বে।”
মোরেনোর অধীনে বর্তমানে ইউরো ২০২০ বাছাই পর্বে খেলার প্রস্তুতি নিচ্ছে স্পেন। আগামী বৃহস্পতিবার রোমানিয়ার মাঠে খেলতে যাবে তারা। এরপর রোববার ফারাও আইল্যান্ডের মুখোমুখি হবে দলটি।
