ছিনতাইয়ের অভিযোগে ২ ছাত্রকে পুলিশে দিল জবি প্রশাসন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১ এএম

ছিনতাই ও ছিনতাইকারীকে সহযোগিতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্তরা হলেন- ফার্মেসি বিভাগের ১২ ব্যাচের আল ইকরাম অর্ণব ও পদার্থ বিভাগের ১৩ ব্যাচের নওশের বিন আলম ডেভিড। মঙ্গলবার সন্ধ্যার পর ক্যাম্পাস থেকে প্রক্টর ড. মোস্তফা কামালের উপস্থিতিতে তাদেরকে পুলিশে দেওয়া হয়।

এ সময় সহকারী প্রক্টর নিউটন হালদার ও অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আল ইমরান অর্ণব বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থী। তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবারও তার উপস্থিতিতে ক্যাম্পাসে মারামারি হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসময় নওশের বিন আলম ডেভিড পুলিশকে বাধা দেওয়ায় তাকেও পুলিশের হাতে তুলে দিয়েছি। যারা পুলিশের কাজে বাধা দিয়েছিল, বুধবার তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মওদূদ রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই জন ছাত্রকে আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি।  আজ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত