বিশ্বে বসবাসের অযোগ্য তৃতীয় শহর হয়েছে ঢাকা। বসবাসযোগ্য শহরের তালিকায় ১৩৮তম স্থানে জায়গা করে নেওয়া ঢাকার পরে ১৩৯তম হয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কো এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে নাইজেরিয়ার রাজধানী লাগোস।
মঙ্গলবার বসবাসযোগ্যতার দিক থেকে বিশ্বের ১৪০ শহরের তালিকাটি প্রকাশ করে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।
২০১৮ সালে বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এবার একধাপ উন্নতি পেয়ে যোগ্য শহরের শেষ তিনে রয়েছে ঢাকা।
বাসযোগ্য শহরের তালিকায় এবারও শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। দ্বিতীয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন, তৃতীয় স্থানে রয়েছে সিডনি, চতুর্থ স্থানে জাপানের ওসাকা, পঞ্চম কানাডার ক্যালগারি।
এছাড়াও শীর্ষ ১০-এর তালিকায় আরও রয়েছে ইউরোপের শহরগুলো।
প্রতিবেশী দেশ ভারতের শহর দিল্লি ও মুম্বাই যথাক্রমে ১১৮ ও ১১৯-তম স্থানে রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর ৪০ ও দুবাই রয়েছে ৭০তম অবস্থানে। পাকিস্তানের করাচিও রয়েছে শেষ ১০-এ।
স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো কয়েকটি বিষয় বিবেচনায় রেখে এ তালিকাটি তৈরি করা হয়েছে।
