দেশের সামনে আরও বিপদের শঙ্কা মির্জা ফখরুলের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

রোহিঙ্গা সমস্যার মতো দেশের সামনে আরও বিপদের শঙ্কা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস রপ্তানির চুক্তি করেছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারামুক্ত দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে আজকে গণতন্ত্র নেই। জনগণের গণতান্ত্রিক অধিকার নেই। তারা আজ অসহায়। সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য কোনো ব্যবস্থা নিতে পারেনি। কারণ সরকারের প্রধান দুই মিত্র ভারত ও চীন মিয়ানমারের পক্ষে। শুধু রোহিঙ্গা সমস্যা নয়, সামনে আরও বিপদ আসছে। চতুর্দিকে বিপদ আসছে। তাই চোখ বন্ধ করে থাকলে চলবে না।

ভারতের আসামের নাগরিকপঞ্জির বিষয় টেনে বিএনপি মহাসচিব বলেন, আজকে আসামে যে এনআরসি তৈরি হয়েছে এর মধ্যে কি আছে তা বোঝা যাচ্ছে না। তবে এটুকু বোঝা যাচ্ছে একটা বিপদ জানান দিচ্ছে। এ জন্য দেশের জনগণকে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকে এগিয়ে আসতে হবে। আন্দোলন করতে হবে। এ জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। জনগণকে জাগিয়ে তুলতে হবে।

নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল খেটেছেন। মিয়ানমারের অং সান সূচি ১০ বছর গৃহবন্দী ছিলেন। ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছি আমরা। দেশ স্বাধীন করেছি। এ দেশের তরুণরা একদিন সংগ্রাম করে দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, অনেক নির্যাতন করেছেন। বিশ্বের কোনো দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর এত নির্যাতন হয়নি। এরপরও দলের নেতাকর্মীদের মনোবল ভাঙতে পারেননি। এখন বেগম জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা রয়েছে তা প্রত্যাহার করুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করুন।

মির্জা ফখরুল বলেন, ২০০১ সালে যখন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করে তখন আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি গ্যাস রপ্তানির চুক্তিতে সই করেননি বলে পরাজিত হয়েছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার গত মঙ্গলবার গ্যাস রপ্তানির চুক্তিতে স্বাক্ষর করেছেন। আজকে বাংলাদেশ একটি আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এসব করছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ৭ মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। এরপরের বছর ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডন চলে যান। বর্তমানে তারেক সেখানেই আছেন।

সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রমুখ। অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত