সামনের বেঞ্চে বসা নিয়ে মারামারি, সহপাঠীর ঘুষিতে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৮ পিএম

ক্লাসে সামনের সারিতে বসা নিয়ে ঝগড়ার জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সহপাঠীর ঘুষিতে মারা গেছে অষ্টম শ্রেণীর ছাত্র মাজেদ ইসলাম (১৪)। সে উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং মল্লিকপুর গ্রামের হাফিজ আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। মাজেদ ইসলামকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র সাইদুর রহমান ছায়েমকে পুলিশ আটক করেছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান কাসিম আলী বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের উদ্ধৃত করে জানান, দুপুর ১২টার দিকে অষ্টম শ্রেণির খ শাখার একটি বিষয়ের ক্লাস শেষে শ্রেণি শিক্ষক বের হয়ে গেলে সামনের সারিতে বসা নিয়ে মাজেদ ইসলাম ও সাইদুর রহমানের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। এসময় সাইদুর রহমান সজোরে মাজেদ ইসলামের মাথায় ঘুষি মারলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ওসি আরো জানান, অভিযুক্ত ছাত্র সাইদুর রহমানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান জানান, বেঞ্চিতে বসা নিয়ে সাইদুর ও মাজেদের মধ্যে মারামারি হয়। এ সময় গুরুতর আঘাত পেয়ে মাজেদের মৃত্যু হয়েছে। প্রধান শিক্ষক জানান, মারামারির সময় শ্রেণিকক্ষে কোন শিক্ষক ছিলেন না।

নিহত মাজেদ ইসলামের বাবা হাফিজ আলী আহাজারি করে বলেন, ‘মাজেদ আমার একমাত্র ছেলে। তাকে স্কুলের ভেতরে এভাবে মেরে ফেলা হলো। এখন আমরা কী নিয়ে বাঁচবো’। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত