বাংলাদেশ আওয়ামী লীগ-ক্যুইবেক প্রাদেশিক শাখা

সভাপতি কবি সহিদ রাহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০১ পিএম

১ সেপ্টেম্বর, রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ-ক্যুইবেক প্রাদেশিক শাখার এক দিনব্যাপী সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সদস্যদের সমর্থনে সর্বসম্মতিক্রমে কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় ক্যাফে রয়েল রেস্টুরেন্ট, ৫৪৭৩ অ্যাভিনিউ রয়েলমাউন্ট, মাউন্ট রয়েল, মন্ট্রিয়েলে উপস্থিত সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সভাপতির দায়িত্ব দেওয়ায় সদস্যসহ কানাডা ও ক্যুইবেক আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কবি সহিদ রাহমান বলেন, আপনারা যে গুরুদায়িত্ব আমার ওপর অর্পণ করলেন, তা আমি সার্বিকভাবে পালন করব। এরপর গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া, সহসভাপতি পদে মো. ময়নুল ইসলাম, মোঃআব্দুর রহিম, রতন ধর, আবুল কালাম আজাদ চৌধুরী, জালাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলামিন শিকদার এবং কোষাধ্যক্ষ আনিসুর রহমান পদসহ নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সকল সদস্যরা কানাডা আওয়ামী লীগের সভাপতির ওপর সর্বসম্মতভাবে দায়িত্ব অর্পণ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব ও সমর্থনের জন্য সদস্যদের আহ্বান জানালে কানাডা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হাসান চৌধুরী মঞ্চে উঠে ওই পদে কবি সহিদ রাহমান ও তাজুল ইসলাম-এর নাম প্রস্তাব করেন। তা সমর্থন করেন কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাশরিকুল আলম রোমান। এ সময় কানাডা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান পরপর তিনবার বলেন, এ পদের আর কোনো প্রস্তাব আছে কি না তা জানতে চান। এ পদের আর কোনো নাম প্রস্তাব না আসায় কবি সহিদ রাহমানকে সভাপতি পদে ও সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করেন গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া। এ সময় তুমুল করতালি আর স্লোগানে পুরো ক্যাফে রয়েল রেস্টুরেন্ট মুখরিত হয়ে ওঠে।

কানাডা আওয়ামী লীগের সভাপতি, ক্যুইবেক আওয়ামী লীগের নতুন সভাপতি সহিদ রাহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির নেতারা ক্যাফে রয়েল রেস্টুরেন্টে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

পরে জাতীয় সংগীতের তালে তালে কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া জাতীয় পতাকা এবং সম্মেলন সভাপতি মো. ময়নুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন।এরপরই গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া ও মো. ময়নুল ইসলামসহ নেতারা রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর পর আনুষ্ঠানিকভাবে একদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া।

সম্মেলনের কার্যক্রম শুরু করার পূর্বে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, শোকপ্রস্তাব, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহত ২৬জন শহীদ, ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নিহত মুক্তিযুদ্ধের অন্যতম জাতীয় চার বীর সেনানী, ২১ আগস্ট গ্রেনেড হামলায় বেগম আইভী রহমানসহ নিহত ২৪জন শহীদ, ভাষা আন্দোলনে শহীদ, একাত্তরের মুক্তিযুদ্ধে নাম জানা-অজানা শহীদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কানাডা ও যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছেন ক্যুইবেক আওয়ামী লীগের নতুন কমিটি।

এরপর মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, মন্ট্রিয়েলের জনপ্রিয় সংগীত শিল্পী সাফিনা করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত