চট্টগ্রামে ওষুধ প্রশাসন ডিজি

ভবিষ্যতে প্রশিক্ষণ ছাড়া ফার্মেসি চালাতে দেওয়া হবে না

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৭ পিএম

নকল, ভেজাল ও মেয়াদোর্ত্তীণ ওষুধের ব্যাপারে উৎপাদনকারী ও বিক্রয় প্রতিষ্ঠানকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান।

চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘লোভের অথবা লাভের আশায় মানুষের ক্ষতি করা যাবে না। ওষুধ কিন্তু মুদি পণ্য নয়। সে জন্য ওষুধ ঠিক তাপমাত্রায় রাখতে হবে। এ জন্য আমাদের প্রশিক্ষণের প্রয়োজন। ভবিষ্যতে প্রশিক্ষণ ছাড়া কোনো ফার্মেসি পরিচালনা করতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার নগরীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সহযোগিতায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের আয়োজিত জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহাপরিচালক।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ওষুধের দাম সবচেয়ে কম। আমেরিকা-অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে ওষুধের দাম অনেক বেশি, অনেক সময় অনেক ওষুধ পাওয়া যায় না। বাংলাদেশে ৯৮ ভাগ ওষুধের চাহিদা মিটানো সম্ভব হচ্ছে। পাশাপাশি ১৪৬টি দেশে নিয়মিত ওষুধ রপ্তানি হচ্ছে। গুটিকয়েক অসাধু ব্যবসায়ী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এই খাত ধ্বংস করা যাবে না।’

বিসিডিএস পরিচালক ও জেলা কমিটির সহসভাপতি আশীষ কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় জেলা সভাপতি সমীর কান্তি সিকদারের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিডিএসের কেন্দ্রীয় সভাপতি সাদেকুর রহমান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন, সচিব মুহাম্মদ মাহাবুবুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত