বাস চাপায় সংগীতশিল্পী পারভেজ রব (৫৬) নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সংগীত শিল্পী আপেল মাহমুদের ছোট ভাই। গতকাল সকাল ১০ টার দিকে তুরাগ থানাধীন ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে বাসে উঠার সময় অপর দিক থেকে আসা ভিক্টর পরিবহনের একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতালে এবং পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকিম দেশ রূপান্তরকে বলেন, ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় পারভেজ রব নামে একজন সংগীত শিল্পীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার লাশ হিমঘরে রাখা হয়েছে তার ছেলে মালয়েশিয়া থেকে আসার পর শনিবার তাকে স্বামীবাগ কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে।
পারভেজ রব মূলত আশির দশকের সংগীতশিল্পী। সেই সময় প্রতিষ্ঠানে ও বাড়িতে তিনি সংগীত শিক্ষা দিতেন। প্রখ্যাত শিল্পী যোসেফ কমল রড্রিকসের কাছে ক্লাসিকেল সংগীত শেখেন। সংগীত শিক্ষাদান ও সংগীত পরিবেশনের পাশাপাশি এক সময় প্রবেশ করেন সংগীত পরিচালনা ও সংগীত সুরারোপে। নব্বই দশকে তিনি গান গেয়ে স্টেজ মাতিয়েছেন, অনেক চলচ্চিত্রের সংগীতও পরিচালনা করেছেন।
