কুপিয়ে, পা বিচ্ছিন্ন করে আওয়ামী লীগ কর্মীকে হত্যা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭ পিএম

খুলনায় টিপু শেখ (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, টিপু শেখ স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ প্রথমে তার মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে তাকে কুপিয়ে এক পা পুরো বিচ্ছিন্ন ও অপর পা অর্ধেক বিচ্ছিন্ন করে। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

খুলনা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, টিপু শেখ বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তাকে ঘিরে ধরে কুপিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেকে) নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত টিপু শেখ পদ্মবিলা গ্রামের সোনাউল্লাহ’র ছেলে। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানায়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস চন্দ্র দাস বলেন, হত্যাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত