পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আইসিইউতে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। শুক্রবার সন্ধ্যায় তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, আইসিসিইউতে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কী কী সমস্যা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

জানা যায়, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য । শুক্রবার থেকে তা বাড়তে শুরু করে। প্রচণ্ড শ্বাসকষ্ট সঙ্গে রক্তচাপ অত্যধিক নেমে যায়।

বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার জানায়, স্বাস্থ্যের অবনতি হলে পারিবারিক চিকিৎসক ফুয়াদ হালিম তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর তাকে অ্যাম্বুলেন্সে করে দক্ষিণ কলকাতায় ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সঙ্গে সঙ্গেই আইসিসিইউতে ভর্তি করানো হয়। সেখানে রয়েছেন তার স্ত্রী এবং মেয়ে।

বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য পাঁচজনের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট আগের তুলনায় একটু কমেছে। তার শারীরিক পরিস্থিতি একটু স্থিতিশীল। 

বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতি আগের তুলনায় একটু ভালো। তাকে রক্ত দিতে হবে। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান, এটাই প্রার্থনা করছি।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সিপিএম নেতা মহম্মদ সেলিম টুইট করে বলেন, বুদ্ধ দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অযথা দুশ্চিন্তার কারণ নেই। তার শারীরিক অবস্থা চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নতির দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত