পার্বতীপুরে কলেজের ল্যাপটপ চুরি

পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিদ্ধান্ত স্থগিত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৮ এএম

দিনাজপুরের পার্বতীপুরে বহুল আলোচিত ভবানীপুর ডিগ্রি কলেজের ১০টি ল্যাপটপ চুরির ঘটনায় কলেজ কর্তৃপক্ষের তালিকায় থাকা ৬ অভিযুক্তের প্রত্যেকের কাছ থেকে ৬৬ হাজার টাকা করে প্রায় ৪ লাখ টাকা আদায় করা হয়েছে।

গত বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অভিযুক্তরা কলেজ পরিচালনা পরিষদের সদস্য (শিক্ষক প্রতিনিধি ও ইংরেজি বিভাগের প্রভাষক) মেহেদী হাসান সরকারের কাছে নগদ টাকা ও চেকের মাধ্যমে তাদের প্রতিশ্র“ত টাকা জমা দেন। তবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কলেজ পরিচালনা পরিষদের জরুরি সভা ডেকে অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের টাকায় ১০ ল্যাপটপ কেনার পূর্বের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ মবিদুল ইসলাম। এছাড়া সভায় গত ২৪ আগস্ট ল্যাপটপ চুরির ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্ট পাওয়ার পূর্বেই অধ্যক্ষের উদ্যোগে ৬ শিক্ষক-কর্মচারীকে থানায় নিয়ে গিয়ে ‘নন-জুডিশিয়াল স্ট্যাম্পে’ লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়ার বিষয়ে অধ্যক্ষ সভায় দুঃখ প্রকাশ করেছেন বলে সভায় অংশগ্রহণকারী অভিভাবক সদস্য ও চুরির ঘটনা তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক অহিদুল ইসলাম জানান।   

উল্লেখ্য, গত ১৫ আগস্ট ১০ ল্যাপটপ চুরির ঘটনা জানাজানি হয়। পরে গত ৪ সেপ্টেম্বর বুধবার দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘চুরি হওয়া ল্যাপটপ ৬ শিক্ষক-কর্মচারীকে কিনে দেওয়ার নির্দেশ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে পার্বতীপুরে তোলপাড় সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত