কোন বাড়িতে ডাকাতি করবে আগে থেকেই ছদ্মবেশে বাড়িটি রেকি করে ওরা। এরপর বাসাবাড়িতে তালা দেখলেই টার্গেট করে ডাকাতির। বাসায় পুরুষ মানুষ নেই এমনটা নিশ্চিত হতে পারলেই শুরু হয় ডাকাতির প্রস্তুতি। প্রথমে গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নিয়ে যায় অর্থ-গয়না ইত্যাদি।
রাজধানীর বাড্ডা থেকে এমন পেশাদার ৫ ডাকাতকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসাবাড়িতে গ্রিল কেটে ডাকাতি করাই এদের পেশা। এর আগে তাদের নামে ডাকাতির মামলা হয়েছে। গ্রেপ্তারও হয়েছে চারবার। কিন্তু জামিনে বেরিয়ে আবারও ডাকাতি করে এই চক্র। গ্রেপ্তারকৃতরা হলোÑ ইকবাল (২৪), মোশারফ হোসেন মোরশেদ (২৭), কবির হোসেন ওরফে মনা (২৩), রাজিবুল ইসলাম রাজু (২৬) ও মেহেদী হাসান ইমন (২৩)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ডায়মন্ডের রিং, ডায়মন্ডের সেট, স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ইকবালের নেতৃত্বে এই ৫ জন গ্রিল কেটে ডাকাতির শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে। তারা রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জানালার গ্রিল কেটে বা দরজার তালা ভেঙে ডাকাতিতে পারদর্শী। গ্রিল কেটে ডাকাতির অভিযোগে তারা এর আগে যাত্রাবাড়ী, খিলগাঁও, শাহজাহানপুর থানায় চার দফায় গ্রেপ্তার হয়েছিল। জেলহাজতে যাওয়ার কয়েক দিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে এলাকা বদল করে আবার ডাকাতি শুরু করে। ওসি আরও জানান, এই ডাকাত চক্র গত মঙ্গলবার ভোরে বাড্ডা থানার আফতাবনগরের একটি বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। বাসার লোকজনকে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় তারা। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন আফতাবনগরের ওই বাসার মালিক।
