জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি খোলা জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর বিভিন্ন নির্মাণাধীন প্রকল্প ও জমি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল জেটি একটি ঐতিহাসিক জেটি। নারায়ণগঞ্জ ছিল বঙ্গবন্ধুর বিচরণক্ষেত্র। এই জেটিতে বঙ্গবন্ধুর পদচারণ বহুবার পড়েছে। তাই নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি খোলা জাদুঘর নির্মাণের পরিকল্পনা নিয়েছি।’ খালিদ মাহমুদ জানান, এই জাদুঘর সর্বসাধারণের জন্য চব্বিশ ঘণ্টা উন্মুক্ত থাকবে।
