দুইশোর কাছাকাছি লিড নিয়ে লাঞ্চে আফগানিস্তান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ পিএম

সাকিব আল হাসান ও নাঈম হাসানের আঘাতে দ্বিতীয় ইনিংসে শুরুতে খেই হারালেও ইব্রাহিম জাদরান ও আসগর আফগানের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে আফগানিস্তান। তাদের ব্যাটে দুইশোর কাছাকাছি লিড নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে গেছে দলটি।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৫৮। প্রথম ইনিংসে ১৩৭ রানে এগিয়ে থাকায় দলটির লিড দাঁড়িয়েছে ১৯৬ রান। হাতে আছে ৭ উইকেট! বলাই যায় চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুড়ে দিতে যাচ্ছে আফগানিস্তান।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই আফগানিস্তানের জন্য ঘাতক হয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম ওভারেই অতিথিদের টপ অর্ডার দুই ব্যাটসম্যানকে উইকেট ছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক।

প্রথম ওভারের তৃতীয় বলে ওপেনার ইহসানউল্লাহকে (৪) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন সাকিব। ওভারের শেষ বলে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহকে কট অ্যান্ড বোল্ড করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মাত্র ৪ রানে দুই উইকেট হারিয়ে যেন ছন্নছাড়া হয়ে যায় অতিথি দল।

দলীয় ২৮ রানে তৃতীয় উইকেট হারায় আফগানরা। নাঈমের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১২ রান করা হাসমতউল্লাহ শহিদি। এরপর চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইব্রাহিম (২৭) ও আসগর (২৩)।

এর আগে তৃতীয় দিন শনিবার সকালে প্রথম ইনিংসে ২০৫ রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাট করতে নেমে ১১ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়ে ফেলে তারা।

প্রথম ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩৪২ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত