এবার সালমানের পরিচালকের সঙ্গে হাত মেলালেন শাহরুখ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:০০ পিএম

কয়েক বছর ধরে আলী আব্বাস জাফর মানেই যেন সালমান খানের হিট সিনেমা। এবার তিনি হাত মেলাচ্ছেন শাহরুখ খানের সঙ্গে।

সর্বশেষ ডিসেম্বরে মুক্তি পায় কিং খানের শেষ ছবি আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’। সেই ছবির ব্যর্থতার পর নতুন কাজের ঘোষণা দেননি তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। পাশাপাশি সিনেমা ও নেটফ্লিক্সের জন্য সিরিজ প্রযোজনা করছেন।

মাঝে শোনা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। এরপর রাজকুমার হিরানির পরের ছবির কথা শোনা গেলেও গুঞ্জনটি স্থায়ী হয়নি।

এবার শোনা যাচ্ছে আলী আব্বাস জাফরের সঙ্গে হাত মিলিয়েছেন শাহরুখ। ঠিক যে ধরনের চিত্রনাট্যের জন্য তিনি এত দিন অপেক্ষা করেছেন, তেমনই একটি প্রস্তাব দিয়েছেন ‘ভারত’-খ্যাত নির্মাতা। আগামী বছরই মুক্তি পাবে মেগা বাজেটের এই ছবি।

আলী আব্বাসের কাজের প্রশংসা সব সময়েই করেছেন শাহরুখ। তার মতে, এই পরিচালক অ্যাকশন ও ইমোশনের ভারসাম্য ঠিক রাখতে পারেন। আর শাহরুখের সঙ্গেও দীর্ঘদিন ধরে কাজ করার ইচ্ছা আলী আব্বাসের।

বড় বাজেটের সিনেমাটি নাকি প্রযোজনা করবে আদিত্য চোপড়ার ইয়াস রাজ ফিল্মস। এটি ‘ধুম ফোর’ হতেও পারে- এমন গুজব শোনা যাচ্ছে।

তবে বিষয়টি নিয়ে নায়ক, পরিচালক বা প্রযোজক কেউই মুখ খোলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত