আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে কোণঠাসা বাংলাদেশ। তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে নিজেদের ইতিহাসে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হাতে রেখে এরই মধ্যে ৩৭৪ রানের লিড পেয়ে গেছে সফরকারী দল।
এরপরও বাংলাদেশ অবশ্য জয়ের স্বপ্ন দেখছে। তবে মেহেদী হাসান স্পিনার দিন শেষে সংবাদ সম্মেলনে এসে স্বীকার করে নিয়েছেন আফগানরা তুলনায় অনেক ভালো ক্রিকেট খেলেছে, যেটা পারেনি বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ১৯ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা বাংলাদেশের সামর্থ্য নিয়ে। মিরাজ অবশ্য আত্মপক্ষ সমর্থনের মতো বললেন, ‘আমরা কিন্তু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে জিতেছি।’
‘খারাপ সময়, ভালো সময় যায়। আমরা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে জিতেছি। এই কয়েকটা দিন আমাদের খারাপ সময় গেছে, তাই আমরা পিছিয়ে গেছি এটা বলা যাবে না। এমন না যে আমরা টেস্ট ক্রিকেটে জয় পাইনি।’- বলেন মিরাজ।
এখনো ম্যাচ জেতা সম্ভব বলে বিশ্বাস করেন মিরাজ। কিন্তু সেটা কতটা বাস্তবিক। রেকর্ড বলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ৩১৭ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই কারো।
মিরাজ বলেন, ‘টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ নিতে হবে। চতুর্থ ইনিংসে অবশ্যই অনেক টাফ থাকে। আমাদের ব্যাটসম্যানদের এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমাদের জন্য এই রান তাড়া করাটা সত্যিই কঠিন। তারপরও আমাদের চেষ্টা করতে তো বাধা নেই।’
শেষ পর্যন্ত এই চেষ্টাটাই করে যাওয়া লক্ষ্য বলছেন মিরাজ, ‘আমাদের সুযোগ নিতে হবে। দুই দিন সময় আছে, চেষ্টাটা আমরা করতে চাই। তারপর হেরে যাই কিংবা জিতে যাই, সেটা পরের ব্যাপার। আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে শেষ পর্যন্ত চেষ্টা করা।’
