আ.লীগ নির্বাচনকে ভয় পায় : দুদু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ দেশে জাতীয় থেকে স্থানীয় সব পর্যায়ে নির্বাচন না করে নিজেদের প্রার্থীদের মনোনীত করছে। দলটি নির্বাচনকে ভয় পায়। শনিবার বিকেলে চাঁদপুরে জেলা কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘নির্বাচনের দল আওয়ামী লীগ নয়। তারা মুখে মুখে গণতন্ত্রের কথা বললেও ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছে। কখনো কখনো নির্বাচনে জয়লাভ করলেও পরাজয়ই বরণ করেছে বেশি।’

নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের করে আনব। তখন দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে এলে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হবে।’

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ যে পাত্রে খায়, সেই পাত্রই ছিদ্র করে। জিয়াউর রহমানের কারণে আজ আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেলেও তারা ক্ষমতায় এসে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করে দিয়েছে। কিন্তু এভাবে বেশি দিন টিকতে পারবে না। এই দুঃশাসনের জবাব আওয়ামী লীগকে দিতে হবে।’

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন জসিম, সদস্য নাছির উদ্দিন হাজারী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত