মতবিনিময় সভায় পীযূষ

সারা দেশে সম্প্রীতির বার্তা নিয়ে যেতে চায় সম্প্রীতি বাংলাদেশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০ পিএম

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সারা দেশে সম্প্রীতির বার্তা নিয়ে যেতে চায় সম্প্রীতি বাংলাদেশ। গতকাল রবিবার বিকেলে গোপালগঞ্জের শেখ মনি অডিটরিয়াম মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীযূষ বলেন, ‘মুজিববর্ষ’ পালনে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামে দেশব্যাপী চলমান অনুষ্ঠান থেকে অর্জিত হবে বহুবিধ বাস্তবনির্ভর উপাদান; যা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, বর্তমান ও আগামী প্রজন্মকে প্রকৃত ইতিহাস সম্পর্কে সত্য ও সঠিক ধারণা দেওয়া, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিবর্তনের সঙ্গে পরিচয় করানোই আমাদের লক্ষ্য। সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চুর সভাপতিত্বে সাবেক সচিব নাসিরউদ্দিন আহমেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজমুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ অধিকারী, গোপালগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুলকদর রহমান, শিক্ষক নাসিমা আক্তারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত