ভারতের বিশিষ্ট আইনজীবী রাম জেঠমালানির মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৮ পিএম

ভারতের বিশিষ্ট আইনজীবী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাম বুলচাঁদ জেঠমালানি (৯৫) আর নেই। গতকাল রবিবার সকাল পৌনে ৮টায় রাজধানী নয়াদিল্লির সরকারি বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক নেতার শেষ ইচ্ছা অনুযায়ী ওই দিন বিকেল ৪টায় দিল্লির লোদি রোডের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন জেঠমালানি। এর মধ্যে গত দুই সপ্তাহ ছিলেন সম্পূর্ণ শয্যাশায়ী। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রাসাদ, বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী এবং কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও আইনজীবী অভিষেক মানু সিংভি। জেঠমালানিকে অনন্য আইনজীবী ও অনুসরণীয় ব্যক্তি অভিহিত করে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত