ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে স্পেশাল ট্রাইব্যুনালে বিস্ফোরক মামলায় চারজনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনালের বিচার মো. মতিউর রহমানের আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদ মৃধা, শহিদুল ইসলাম, মহসীন মোল্লা ও নাহিদ মোল্লা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের বাড়ি ফরিদপুরের সদরপুরসহ জেলার বিভিন্ন এলাকায়।
মামলার বিবরণী সূত্রে স্পেশাল ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী বাবু মৃধা জানান, ২০১৬ সালের এপ্রিল মাসে ময়মনসিংহের বিস্ফোরক মামলার ফেরারি আসামি নাহিদ মোল্লাকে ভাঙ্গা বাজার থেকে ২০১৬ সালের ২৬ আগস্ট আটক করে পুলিশ।
এ সময় গ্রেপ্তারকৃত আসামি নাহিদ নিজেকে আনসারুল্লাহ বাংলা ভাই দলের সদস্য উল্লেখ করে পুলিশকে বলেন, এই এলাকার আঞ্চলিক কমান্ডার ফরিদ শেখ, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।
তার দেওয়া তথ্যে মতে, ফরিদপুরের জেলা পুলিশ জেলার সদরপুর উপজেলার আলমনগর এলাকার ফরিদ মৃধার বাড়িতে অভিযান চালিয়ে ফরিদসহ বাকিদেকে আটক করে।
এসময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১২টি হাত বোমা ও বেশ কিছু বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই দিনই (২৬ আগস্ট ১৬) সদরপুর থানার ওসি (তদন্ত) আলীমুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে চারজনকে আসামি করে মামলা করে।
পিপি বলেন, উক্ত মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেক আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
