ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র আহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নূরুজ্জামান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল ও নগদ সাড়ে ৩ হাজার ছিনিয়ে নেয় তারা।

পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নূরুজ্জামান ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামের পাদুকাশিল্প ব্যবসায়ী কামাল মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ছিনতাইয়ের শিকার নূরুজ্জামানের মামা মো. মিল্লাত মিয়া জানান, রবিবার রাতে ট্রেনযোগে চট্টগ্রাম যাবার উদ্দেশ্যে তিনি কালিকাপ্রসাদ থেকে ভৈরব বাসস্ট্যান্ড আসেন। সেখান থেকে রিকশাযোগে রেলওয়ে স্টেশনে যাবার সময় রাত ১টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ির সামনে আসলে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

এ সময় ৪/৫ জনের একটি ছিনতাইকারী চক্র তার রিকশার গতিরোধ করে। তারা আচমকা তার বাম হাতের বাহুতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইলসেট ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, ঘটনাটি পুলিশকে কেউ অবগত করাননি। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত