‘মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন ৮ কোটি টাকা চুরির দায়ে’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪ পিএম

রেল প্রতারণা মামলায় পুলিশের কাছে হাজিরা দিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

‘মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন, ৮ কোটি টাকা চুরি করেছেন’, সোমবার এমন দাবি করেছেন একদা তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ বর্তমান বিজেপি নেতা মুকুল রায়।

তবে ঠিক কোন মামলায় গ্রেপ্তার হবেন- সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি মুকুল।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে শ্যামনগরে পার্টি অফিস দখল ঘিরে মাথা ফেটেছিল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।

সে ঘটনায় মমতাকে লক্ষ্য করে মুকুল বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপরিকল্পিত চক্রান্ত। ওর নামে এফআইআর করা হবে’। একদা মমতা ঘনিষ্ঠের এই মন্তব্যকে হাতিয়ার করে নামে তৃণমূল। থানায় মুকুলের নামে অভিযোগ দায়ের করেন মমতার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সোমবার ঠাকুরপুকুর থানায় অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে হাজিরা দেন মুকুল রায়। থানায় ঢোকার সময় মুকুল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পালাই না। তদন্তকারী সংস্থা ডাকলে বলি না ষড়যন্ত্র করা হয়েছে। ওরা ডেকেছেন জিজ্ঞাসাবাদ করবেন, সবরকম সহযোগিতা করব’।

এরপরই মুকুল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন, ৮ কোটি টাকা চুরি করেছেন’।

কোন মামলায়- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুকুল বলেন, ‘অপেক্ষা করুন, জানবেন’।

উল্লেখ্য, বেহালার সরশুনা থানায় মুকুল রায়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। মুকুল এবং আরও ৪ জনের নামে ওই এলাকারই এক বাসিন্দা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। রেল বোর্ডের সদস্য করার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ করেছিলেন ওই বাসিন্দা। এ বছরের গোড়াতেই অভিযোগ দায়ের করেন ওই বাসিন্দা। সেই মামলায় মুকুলের গ্রেপ্তারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত