মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধস, ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৩ পিএম

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চলাচলরত তিনটি সিএনজি মাটি চাপা পড়ে দুমরে মুচড়ে গেছে। এ সময় সিএনজি চালক সহ আহত হয়েছে ৭জন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা মেরিন ড্রাইভ সড়কে যানচলাচল বন্ধ থাকে।  

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘সকাল থেকে ভারী বৃষ্টির কারণে বিকেলের দিকে মেরিন ড্রাইভ সড়কের উপর একটি পাহাড় ধসে পড়ে। এ ঘটনায় সড়কে চলাচলরত তিনটি যাত্রীবাহী সিএনজি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক সহ ৫ থেকে ৭ জন লোক আহত হয়েছে।

তিনি জানান, ধসের কারণে সড়কের যানচলাচল অন্তত ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে সেনাবাহিনী সড়ক থেকে মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার কবলিত সিএনজি মালিক মিজানুর রহমান জানিয়েছেন, ‘আমার ছোট ভাই নেজাম উদ্দিন যাত্রী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে আকস্মিক একটি পাহাড় ধসে আমার গাড়ির ওপর পড়ে। এ সময় আমার সিএনজি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে আমার ছোট ভাই ও যাত্রীরা আহত হয়। এদের কয়েকজন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, সেনাবাহিনীর সদস্যরা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে প্রথম থেকে কাজ শুরু করে। দীর্ঘ ২ ঘণ্টা মেরিন ড্রাইভ এ যান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা ৬ টা থেকে যান চলাচল শুরু হয়েছে’।

এর আগে মঙ্গলবার সকালে টেকনাফে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত