সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পীযূষ কান্তি দেসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে র্যাব-৯ এর একটি দল নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান জানান।
গ্রেপ্তার অন্যরা হলেন- বাপ্পা পাল, মিন্টু রায় ও অজ্ঞাত আরও একজন। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র্যাবের মিডিয়া সেল থেকে রাত ১২টার দিকে নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে মির্জাজাঙ্গালে পীযূষের আস্তানা ঘেরাও করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এরপর ভেতর থেকে পীযূষসহ চারজনকে ধরে গাড়িতে করে নিয়ে যায় তারা। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমানে স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ কান্তি দে'র বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। সন্ত্রাস, অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ নানা অভিযোগে রয়েছে একাধিক মামলা।
নগরীর মির্জাজাঙ্গালে আস্তানা গড়ে তুলে নিজের কর্মী বাহিনী দিয়ে বিভিন্ন অপকর্ম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিনজন লন্ডন প্রবাসী যুবকের উপর হামলা চালায় পীযূষ অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এতে গুরুতর আহত হন তারা।
এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এই মামলার পর থেকে পীযূষ কিছুটা গা ঢাকা দিয়েছিলেন। গতকাল নিজ আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
