যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশে ট্রাম্পের বিতর্কিত নীতির পক্ষে আদালতের রায়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির অনুমোদন দিল দেশটির সুপ্রিম কোর্ট।

ট্রাম্পের এই নীতির ফলে তৃতীয় দেশ হয়ে আসা অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠিন হয়ে যাবে। 

বিবিসি জানায়, কোনো ব্যক্তি তৃতীয় কোনো দেশ হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে তাকে আগেই আশ্রয়ের জন্য আবেদন করতে হবে। সরাসরি প্রবেশের কোনো ধরনের সুযোগ ট্রাম্পের এই নীতিতে থাকছে না।  

এই নীতির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মধ্য আমেরিকার অভিবাসীদের ওপরে, যারা মেক্সিকো হয়ে পায়ে হেঁটে বা যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালায়।

তবে সুপ্রিম কোর্টের এই রায়ের নানাভাবে আইনি লড়াইয়ের সম্মুখীন হলেও, এই রায়ের ফলে এখন ট্রাম্পের অভিবাসন নীতি পুরো দেশে কার্যকর করা যাবে।

২০২০ সালের নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তনে জোর দেন ট্রাম্প। তার এই প্রস্তাবিত নীতি বিতর্কিত ও সমালোচিত হলেও এটির বাস্তবায়নে অনড় মার্কিন প্রেসিডেন্ট।

চলতি বছরের জুলাইয়ে ট্রাম্পের এই প্রস্তাবিত নীতি আদালতে আটকে গেলে সুপ্রিম কোর্টের এই রায়ের পর এখন সেটি বাস্তবায়নে আর কোনো বাধা থাকল না। এ রায়কে নিজেদের বিজয় হিসেবেই দেখছে ট্রাম্প শিবির।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত