পিএসজি থেকে নেইমারকে ফিরিয়ে আনতে সবশেষ দল-বদলে বার্সেলোনা সর্বোচ্চ চেষ্টা করেছে কি-না এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি।
এবারের দল-বদলে অন্যতম আলোচনার বিষয় ছিল নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জন্য পিএসজির সঙ্গে বার্সেলোনা বেশ কয়েকবার আলোচনায় বসলেও শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। নেইমারকে পেতে কাতালান ক্লাবটি যেসব প্রস্তাব দিয়েছে তাতে রাজি হয়নি পিএসজি। ফলে বার্সেলোনায় ফিরে আসার স্বপ্ন পূর্ণ হয়নি নেইমারের।
এ প্রসঙ্গে স্প্যানিশ একটি সংবাদমাধ্যমকে মেসি জানিয়েছেন, ক্যাম্প নুয়ে নেইমারকে আবার ফিরে পেলে ব্যাপারটা উপভোগ্য হতো। দল-বদলের বাজারের জটিলতাগুলো এক্ষেত্রে বাধা হয়ে থাকতে পারে বলে মনে করেন আর্জেন্টিনা অধিনায়ক। বার্সেলোনার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুললেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।
“নেইমার ফিরলে আমি খুব খুশি হতাম। সত্যিকার অর্থে, তাকে (নেইমারকে) চুক্তিবদ্ধ করতে বার্সেলোনা তাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে কি-না এটা নিয়ে আমি নিশ্চিত নই। তবে আমি জানি, এ ব্যাপারে পিএসজির সঙ্গে ঐকমত্যে পৌঁছানোটা কঠিন।”
লুইস সুয়ারেজ, জেরার্ড পিকেরাও নেইমারকে দলে ফেরানোর ব্যাপারে বেশ কয়েকবার প্রকাশ্যেই বলেছেন। তবে মেসি জানালেন, নেইমারকে কেনার ব্যাপারে বার্সা ফুটবলাররা বোর্ডের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি।
“বার্সা ড্রেসিংরুম থেকে কখনোই বলা হয়নি নেইমারকে কিনতে হবে। আমরা শুধু নিজেদের মতামতটাই দিয়েছি।”
নেইমারকে কিনলে শুধু স্কোয়াড না, ক্লাব হিসেবেও বার্সা লাভবান হতো বলে মনে করেন মেসি, “নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সে যে মাপের ফুটবলার ও তার যেমন স্পনসর, সেটা ক্লাবের জন্য বড় লাভ হতো।”
