মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভবনের ছাদ থেকে পড়ে আসিফ মুন্সী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আসিফ মুন্সী উপজেলার মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ জানান, অষ্টম শ্রেণির ছাত্র আসিফ বিদ্যালয়ের হাজিরা খাতায় অনুপস্থিত ছিল। অথচ সকাল ১০টার দিকে সে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একতলা ভবনের ছাদে গেলে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বালুরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, বিদ্যালয়ের পাশের এবি সিদ্দিকের একতলা ভবনের ছাদে কয়েক বন্ধুর সঙ্গে খেলছিল স্কুল ছাত্র আসিফ। আকস্মিক ওই ছাদের উপরের বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সে। প্রথমে তাকে আলী আজগর হাসপাতালে নিয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢামেকের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
