বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। পরে লাঠিচার্জ করে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বৃহস্পতিবার সকাল থেকে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে পোশাক শ্রমিকরা।
এতে আশপাশের সব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে অফিসগামী লোকজন ও স্কুলগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েন। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন দেওয়া না হলে এবং অবৈধভাবে ছাঁটাই বন্ধ না করলে বিক্ষোভ অব্যাহত থাকবে।
পরে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে বলেন। একপর্যায়ে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। তখন পুলিশ লাঠিচার্জ করে পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হন।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিরপুর ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান বলেন, ‘অযৌক্তিক ও মিথ্যা তথ্যের ভিত্তিতে আন্দোলন করে তারা জনভোগান্তি সৃষ্টি করছিল। তাদেরকে বারবার সড়ক ছেড়ে সরে যেতে বললেও সরেনি। উপরন্তু তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পাঁচজনকে আহত করে। পরে লাঠিচার্জ করে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।’
