সাবেক ছাত্রদল নেতার আবেদনে কাউন্সিলে নিষেধাজ্ঞা আদালতের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২০ পিএম

বয়সসীমা সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে বিদায়ী কমিটির এক নেতার আবেদনের প্রেক্ষিতে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আমানুল্লাহ ঢাকার ৪র্থ সহকারী জজ আদালতে মামলাটি করেন।

আদালত আগামী শনিবার অনুষ্ঠিতব্য ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতাকে আবেদনের জবাব দিতে বলেছে।

ঢাকা জেলা জজ আদালতের নেজারত বিভাগের জারিকারক মোহাম্মদ আনোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেন।

জানা গেছে, ২০০০ সালের আগে যারা এএসসি পাস করেছে, তারা ছাত্রদলের কাউন্সিলে অংশগ্রহণ করতে পারবে না- নতুন এই বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন বাদী।

এই নিয়মকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা-ও তিনি আদালতের মাধ্যমে জানতে চেয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ জুন ছাত্রদল কেন্দ্রীয় কাউন্সিল-২০১৯ উপলক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ, প্রার্থীর যোগ্যতা ও আচরণবিধি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীকে ২০০০ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। তবে রেজিস্ট্রেশন অবশ্যই ১৯৯৮ সালের হতে হবে।

কিন্তু বয়সসীমা নির্ধারণ না করে আগের ধারাবাহিকতায় কমিটি দেওয়ার দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। পরে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত